
আনপ্যাকড ইভেন্টে নতুন গ্যালাক্সি এস২৬ সিরিজ, গ্যালাক্সি বাডস ৪, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’সহ আরও কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে স্যামসাং। নিজেদের প্রিমিয়াম এস২৬ আল্ট্রা মডেলে বিশ্বের প্রথম প্রাইভেসি ডিসপ্লে এনেছে কোম্পানিটি।
স্যান ফ্রান্সিসকোর প্যালেস অফ ফাইন আর্টসে আয়োজিত এ অনুষ্ঠানে কোম্পানিটি তাদের নতুন গ্যালাক্সি এস২৬ সিরিজ লঞ্চ করেছে, যেখানে রয়েছে মূল এস২৬-এর পাশাপাশি এস২৬ প্লাস এবং প্রিমিয়াম এস২৬ আল্ট্রা নামের আরও দুটি স্মার্টফোন। স্মার্টফোনের পাশাপাশি নতুন ইয়ারবাড গ্যালাক্সি বাডস ৪ এবং এর সঙ্গে প্রত্যাশিত কিছু এআই আপডেট ঘোষণা করেছে কোম্পানিটি। স্যামসাংয়ের উন্মোচিত সবকটি ডিভাইসই প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে। আনপ্যাকড ইভেন্টে নতুন বছর স্যামসাংয়ের নতুন ফোন,এস২৬ এবং এস২৬ প্লাস দুটি ফোনের দামই গত বছরের তুলনায় ১০০ ডলার করে বেড়েছে। সম্ভবত র্যাম সংকটের কারণে দাম কমানো সম্ভব হয়নি।২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য এস২৬-এর দাম শুরু হচ্ছে ৯০০ ডলার থেকে এবং এস২৬ প্লাস-এর দাম ১ হাজার ১০০ ডলার। অন্যদিকে স্যামসাং এবার ডিজাইনে কিছুটা পরিবর্তন এনেছে। ফোন দুটির কোণাগুলো কিছুটা রাউন্ড বা, বৃত্তাকার করেছে কোম্পানিটি, যাতে এগুলো দেখতে অনেকটা এস২৬ আল্ট্রা’র মতো লাগে। মূল এস২৬ মডেলের ডিসপ্লে এস২৫-এর তুলনায় কিছুটা বাড়িয়ে ৬.৩ ইঞ্চি করেছে। তবে এস২৬ প্লাস-এ আগের মতোই ৬.৭ ইঞ্চি স্ক্রিন থাকছে। তবে এর রেজুলিউশন এস২৬-এর চেয়ে বেশি। এ ছাড়া এবার এ২৬-এ ব্যাটারি ক্ষমতা বেড়ে ৪ হাজার ৩০০ এমএএইচ হয়েছে।
এদিকে, উত্তর আমেরিকা, চীন ও জাপানের বাজারে নিজস্ব এক্সিনোস ২৬০০ প্রসেসরের বদলে কোয়ালকম চিপ ব্যবহার করছে স্যামসাং। ফলে এসব দেশের গ্রাহকরা এস২৬ বা এস২৬ প্লাস ফোনে পাবেন শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট।








