
সংসদীয় ভোটে জয়ী জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এর সভাপতি তাকাইচি নিম্নকক্ষের প্রথম দফার ভোটেই বিপুল ব্যবধানে জয় পান।
সানায়ে তাকাইচি পেয়েছেন ২৩৭ ভোট, যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী ইয়োশিহিকো নোডা, সংবিধানিক ডেমোক্র্যাটিক পার্টির নেতা পেয়েছেন ১৪৯ ভোট। এতে দ্বিতীয় দফার ভোটের প্রয়োজন হয়নি। ভোটের সময় সংসদ সদস্যরা দাঁড়িয়ে তাকাইচিকে অভিনন্দন জানিয়েছেন এবং নির্বাচিত হওয়ার পর আবারও করতালিতে মুখর করে তুলেছেন পার্লামেন্ট। সোমবার এলডিপি ও জাপান ইনোভেশন পার্টি একটি জোট চুক্তি স্বাক্ষর করে, যা নিপ্পন ইশিন নো কাই নামেও পরিচিত।
এই জোটের সমর্থনেই তাকাইচির জয় নিশ্চিত হয়ে যায়, কারণ এটি ঐক্যবদ্ধ বিরোধী জোটের চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট শক্তি জুগিয়েছে। মঙ্গলবার সকালে তাকাইচি প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক নির্বাচনের আগেই নতুন মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন। যদিও জেআইপি দলের কোনো আইনপ্রণেতা এই নতুন মন্ত্রিসভায় যোগ দেবেন না বলে জানা গিয়েছে।








