
উত্তরে তুষারপাত, দক্ষিণে বৃষ্টি। চরম গরম পড়ার আগে কার্যত খেলা দেখাচ্ছে আবহাওয়া। শুক্রবার রাতভর বষ্টিতে ভিজেছে কলকাতা থেকে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলা।
শনিবারও মেঘলা আকাশ, দিনভর দফায় দফায় বৃষ্টি, কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক ধাক্কায় পারদ নেমেছে ৬ ডিগ্রি। তবে ভিন্ন চিত্র সান্দাকফুতে। সেখানে রাস্তাঘাট, ঘরবাড়ি সাদা বরফে ঢেকে গিয়েছে। প্রায় ৬ ইঞ্চি বরফের চাদরে ঢেকে গিয়েছে সান্দাকফু। আটকে পড়েছেন শতাধিক পর্যটক। পাশাপাশি উত্তর ও পূর্ব সিকিমেও তুষারপাত চলছে। লাচেন থেকে ছাঙ্গু, গুরুদোংমা। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা প্রবল তুষারপাতে বন্ধ হয়ে গিয়েছে। অচল হয়ে পড়েছে জিরো পয়েন্ট। যদিও চুংথাং থেকে লাচুং যাওয়ার রাস্তা খোলা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে এই আকস্মিক পরিবর্তন। উত্তরবঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যার ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
৫০-৬০ কিলোমিটার বেগেও বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও দক্ষিণ উত্তরপ্রদেশের ওপর তৈরি ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরজেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যা বৃষ্টির মূল কারণ।
