
সন্দেশখালিতে এ বার পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্তকে ধরতে গিয়ে ভাঙচুর হয়েছে পুলিশের গাড়ি।
এক অফিসার-সহ জখম হয়েছেন তিন পুলিশ কর্মী।পুলিশের উপর হামলার ঘটনায় ন’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বয়ারমারি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও উপ-প্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ। শুক্রবার রাতের এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা মুসা মোল্লা এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এলাকায় মুসা তৃণমূলকর্মী হিসাবেই পরিচিত। মুসার বিরুদ্ধে অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ উঠেছিল। তার পরই ওই জমির উপর ১৪৪ ধারা জারি করে আদালত। কিন্তু শুক্রবার রাতের অন্ধকারে ওই জমিতে মুসা পাঁচিল তোলার কাজ শুরু করেন বলে অভিযোগ। তার পরেই খবর যায় পুলিশের কাছে। রাতেই রাজবাড়ি ফাঁড়ির পুলিশ বয়ারমারিতে মুসার বাড়িতে যায় এবং তাঁকে থানায় যেতে বলে। তখন মুসা তার অনুগামীদের ফোন করে ডেকে এনে পুলিশের উপর হামলা চালান বলে অভিযোগ।
আহত পুলিশকর্মীদের ভর্তি করানো হয় মিনাখাঁ হাসপাতালে। এর আগে ২০২৪ সালের ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা, বর্তমানে সাসপেন্ড শাহজাহান শেখের বাড়িতে গিয়ে হামলার মুখে পড়়েছিল ইডি।








