
কোনও মামলার দ্রুত শুনানি চেয়ে আর মৌখিক আবেদন জানানো যাবে না সুপ্রিম কোর্টে।এমনটাই জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এবার থেকে দ্রুত শুনানির জন্য লিখিত ভাবে কিংবা ইমেলে আবেদন জানাতে হবে।
কী কারণে দ্রুত শুনানি চাই, তাও উল্লেখ করতে হবে। সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন সঞ্জীব খান্না। তারপরের দিনই শীর্ষ আদালতে দ্রুত শুনানির আর্জিতে পদ্ধতিগত বদল এনেছেন প্রধান বিচারপতি। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সময়কালে দ্রুত শুনানির জন্য মৌখিক আবেদনের চল ছিল। কোনও মামলা দ্রুত শুনানির প্রয়োজন মনে করলে আইনজীবীরা তা মৌখিক ভাবে জানাতে পারতেন। বেশির ভাগ ক্ষেত্রে গ্রেফতারির আশঙ্কা বা কোনও নির্মাণ ভেঙে ফেলার আশঙ্কার কথা জানিয়ে এই ধরনের মৌখিক আবেদনগুলি করা হত।
তবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, এখন থেকে সমস্ত দ্রুত শুনানির আর্জি লিখিত ভাবে বা ইমেলেই জানাতে হবে। উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পরই বিচার ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি।
ছবি সৌজন্যে : সুপ্রিম কোর্ট
