
দীর্ঘ ছ’বছর অপেক্ষার পর ফের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিমবঙ্গ। এই নিয়ে ৩৩ বার ট্রফি এসেছে পশ্চিমবঙ্গে।
২০১৭-১৮ এবং ২০২১-২২ মরসুমে সন্তোষ ট্রফি ফাইনালে কেরলের কাছে হেরে গিয়েছিল পশ্চিমবঙ্গ। এ বার সেই কেরলকে হারিয়েই ৩৩তম বার চ্যাম্পিয়ন হয়েছে সঞ্জয় সেনের দল। মঙ্গলবার ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়েছে পশ্চিমবঙ্গ। সঞ্জয়ের দলের পক্ষে একমাত্র গোলটি রবি হাঁসদার। প্রতিযোগিতায় ১২টি গোল করে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। সন্তোষ ট্রফি জয় এবং প্রতীক্ষার অবসানের জন্য পশ্চিমবঙ্গ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়েছেন ভবিষ্যতের জন্যও। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।
একইভাবে পশ্চিমবঙ্গ বাংলা দলের সঙ্গে যুক্ত সকলকে জন্য অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সাফল্যের জন্য বাংলার কোচ, ফুটবলার এবং ফুটবল কর্তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।
