সরলথের হ্যাটট্রিক,শেষ ষোলোয় আতলেতিকো

0
82
ছবি সৌজন্যে : এক্স

ক্লাব ব্রুজের বিপক্ষে প্রথম লেগে আশা জাগিয়েও মেলেনি জয়। এবার ঘরের মাঠেও পরীক্ষার মুখে পড়ল আতলেতিকো মাদ্রিদ। দলকে বাঁচাতে জ্বলে উঠলেন আলেকসান্দার সরলথ।

তার দুর্দান্ত হ্যাটট্রিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেল দিয়েগো সিমেওনের দল, উঠল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়।প্লে-অফের ফিরতি লেগে ৪-১ ব্যবধানে জিতে ৭-৪ গোলের অগ্রগামিতায় পরের ধাপে উঠল আতলেতিকো। প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল।সরলথের দুর্দান্ত গোলে ম্যাচের শুরুটা দারুণ হয় আতলেতিকোর। ২৩ মিনিটে গোলরক্ষক ইয়ান ওবলাকের লম্বা শট ধরে, প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে ডি-বক্সে ঢুকে, আচমকা শটে তার দুই পায়ের ফাঁক দিয়েই বল লক্ষ্যে পাঠান নরওয়ের ফরোয়ার্ড।প্রথমার্ধে সমানতালে লড়াই করা ক্লাব ব্রুজ ১৩ মিনিট পর গোলটি শোধ করে দেয়। কাছ থেকে হেডে গোলটি করেন একুয়েডরের ডিফেন্ডার হোয়েল ওর্দোনেস।দ্বিতীয়ার্ধেই শুরুতে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। প্রতিপক্ষ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে, ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত আমেরিকার ফরোয়ার্ড কার্দোসো।

এরপর, ৭৬ মিনিটে প্রতিপক্ষের গায়ে লেগে আসা বল ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় পেয়ে অনায়াসে ব্যবধান বাড়ান সরলথ। আর ৮৭ মিনিটে কাছ থেকে ভলিতে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি শেষ ষোলোর টিকেটও নিশ্চিত করেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড আলেকসান্দার সরলথ।