
হাওড়ায় পর্ন ভিডিও শ্যুট, মধুচক্র চালানোর অভিযোগে এখনও পলাতক অভিযুক্ত মা-ছেলে। হাওড়া সিটি পুলিশের একটি তদন্তকারী দল তাঁদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।
পাশাপাশি এবার পুলিশের নজরে রয়েছে ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ। হাওড়ার বাঁকড়ার ওই বাড়িতে কারা কারা আসতেন সেই বিষয়টি স্পষ্ট করতে চাইছেন তদন্তকারী অফিসাররা। একইসঙ্গে আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। প্রায় ৫ মাস সোদপুরের তরুণীকে আটকে রেখে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে বাঁকড়ার শ্বেতা খান ও তাঁর ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই এলাকা ছেড়ে পালিয়েছেন তাঁরা। তদন্তে পুলিশ জানতে পেরেছে কাজ পাইয়ে দেওয়ার অছিলায় মা ছেলে পর্ন ভিডিও ব্যবসা করতেন। তদন্তকারীর আরও জানতে পেরেছেন সোদপুরের তরুণীকে একবার কুলু-মানালিতেও নিয়ে গিয়েছিল মা-ছেলে। কী কারণে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। গত বছর ডিসেম্বরে আরিয়ানের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল সোদপুরের নির্যাতিতার। এরপর ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে নামে তাকে ডোমজুড়ে ডেকে পাঠিয়ে পর্ন ভিডিও শ্যুটের জন্য বাধ্য করেছিল।
তাতে রাজি না হওয়াতেই সোদপুরের তরুণীকে নির্যাতন করা হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেছেন সোশ্যাল মিডিয়ায় এভাবে অল্পবয়সী মেয়েদের ট্র্যাপে ফেলা হচ্ছে। এব্যাপারে মহিলাদের আরও সচেতন থাকা উচিত।





