
উট চাষ ক্ষেত্রকে নিয়ন্ত্রণের আওতায় আনা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সৌদি আরবের গ্রহণযোগ্যতা বাড়াতে উটের জন্য পাসপোর্ট ইস্যুর একটি প্রকল্প চালু করেছে সৌদি আরব।
সৌদি আরবের পরিবেশ ও কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উপমন্ত্রী মনসুর বিন হিলাল আল-মুশাইতি আনুষ্ঠানিকভাবে উট পাসপোর্ট প্রকল্প উদ্বোধন করেছেন।মন্ত্রণালয় জানিয়েছে , এই উদ্যোগের মাধ্যমে উট ক্ষেত্রকে সুশৃঙ্খল করা, উটের পরিচয় নথিভুক্ত করা এবং সেবা প্রদানের দক্ষতা বাড়ানো হবে। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আস্থা বৃদ্ধি পাবে।বিবৃতিতে বলা হয়েছে উট পাসপোর্টে একটি পূর্ণাঙ্গ পরিচয়পত্র থাকবে। এতে মাইক্রোচিপ নম্বর, পাসপোর্ট নম্বর, উটের নাম, জন্মতারিখ, জাত, লিঙ্গ, রং, জন্মস্থান, পাসপোর্ট ইস্যুর তারিখ ও স্থান উল্লেখ থাকবে। সঠিক শনাক্তকরণের জন্য উটের দু’ পাশের ছবিও সংযুক্ত থাকবে।এ ছাড়া পাসপোর্টে একটি নির্দিষ্ট টিকাদান সূচি থাকবে, যেখানে পশুচিকিৎসকের নাম, স্বাক্ষর ও সিলসহ ভেটেরিনারি টিকাদান সংক্রান্ত সব তথ্য স্পষ্টভাবে নথিভুক্ত করা হবে।
প্রকল্পটির আওতায় উটের তথ্য, মালিকানা ও জাত বা ব্রিড রেকর্ড করা হবে এবং সেগুলোকে যাচাইকৃত স্বাস্থ্য ও নিয়ন্ত্রক তথ্যের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে উট পাসপোর্ট একটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত রেফারেন্স নথি হিসেবে ব্যবহৃত হবে, যা আরো কার্যকর সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।








