২০ বছর কোমায়, প্রয়াত সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ আলওয়ালিদ

0
189
ছবি সৌজন্যে : এক্স
প্রায় দুই দশক ধরে কোমায় ছিলেন। শেষমেশ মৃত্যু হয়েছে সৌদির প্রিন্স আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদের। শনিবার প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। ২০০৫ সালে লন্ডনে একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন রাজপুত্র আলওয়ালিদ। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫। ব্রেন ইনজিওরি এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের জেরে সম্পূর্ণ কোমায় চলে যান।
সেখান থেকেই দীর্ঘ ২০ বছরের লড়াই শুরু হয়। সৌদি আরবের কিং আবদুলআজিজ মেডিক্যাল সিটি বাড়ি হয়ে তাঁর। প্রায় দুই দশক ধরে সেখানেই ছিলেন তিনি, লাইফ সাপোর্টে। বিশ্বের নামী চিকিৎসক, আমেরিকান ও স্প্যানিশ বিশেষজ্ঞদের চিকিৎসা সত্ত্বেও আর জ্ঞান ফিরে আসেনি। চিকিৎসার মাঝে মাঝেই এক-আধবার আঙুল নড়ার মতো ছোট ছোট জিনিস আশার আলো দেখিয়েছিল, বার বার পরিবারের সকলে ভাবতেন, ঠিক হয়ে যাবেন তিনি।
কিন্তু কখনও পুরোপুরি চেতনায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে তিনি পরিচিত হন দ্য স্লিপিং প্রিন্স নামে। ছেলের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন প্রিন্স খালেদ। বিবৃতিতে লিখেছেন, আল্লাহর ওপর বিশ্বাস রেখে, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছেন, প্রিয় পুত্র আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ পরলোকে পাড়ি দিলেন।