
দুর্ঘটনার কবলে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা। শুক্রবার তাঁর গাড়িতে একটি বাস ধাক্কা মারে।পুলিশ ঘাতক বাসের চালককে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, শুক্রবার চৌরাস্তা এলাকায় দু’টি বাস রেষারেষি করছিল।
সে সময় আচমকাই একটি বাস গিয়ে ধাক্কা মারে সানার গাড়িতে। দুর্ঘটনার সময় গাড়ির বাঁ দিকের আসনে বসে ছিলেন সানা। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গাড়িটি উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দুর্ঘটনায় সানার গাড়ির লুকিং গ্লাস ভেঙে গিয়েছে।
সৌরভের পরিবারের পক্ষ থেকে ঠাকুরপুকুর থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে ঘাতক বাসের চালকের খোঁজ শুরু করেন তদন্তকারীরা। পরে অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করে পুলিশ।








