
এবার জেলবন্দি ডেরা প্রধান গুরমীত রাম রহিমকে ২০০২ সালের খুনের মামলায় নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। ওই মামলায় গুরমীত রাম রহিম এবং বাকি অভিযুক্তদের বেকসুর খালাস করে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট।
পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে এবার ডেরা প্রধানকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।সিবিআইয়ের আবেদনটি প্রথমে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যায়। দুই বিচারপতির বেঞ্চ শুক্রবার ডেরা প্রধান এবং মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস পাঠিয়েছে। বস্তুত, পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আগেই মৃতের পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। শীর্ষ আদালতের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে বিচারাধীন রয়েছে সেই মামলা। শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, এই মামলাটিও বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চে বিচারাধীন মামলার সঙ্গে যুক্ত করা হবে।
উল্লেখ্য, ২০০২ সালের জুলাই মাসে হরিয়ানার কুরুক্ষেত্রে গুলি করে হত্যা করা হয় রঞ্জিত সিংকে। গুরমীত রাম রহিমের সংগঠন ডেরার প্রাক্তন ম্যানেজার ছিলেন রঞ্জিত সিং। ডেরার রাজ্য কমিটির সদস্যও ছিলেন তিনি।
