
এবার নয়ডার চার স্কুলে বোমা হুমকি ইমেলের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনা ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা।
শুধু পড়ুয়ারা নন, আতঙ্ক ছড়ায় অভিভাবকদের মধ্যেও। ইমেল পাওয়ার পরেই বিষয়টি নিয়ে সতর্কতা অবলম্বন করেন স্কুল কর্তৃপক্ষ। যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে। সরকারি ভাবে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। খবর পাওয়ার পরেই স্কুলগুলিতে পৌঁছয় উত্তরপ্রদেশ পুলিশ, বম্ব স্কোয়াড, দমকল বাহিনী। এমনকি, স্কুলে বোমা খুঁজতে পুলিশ কুকুরও আনে। পুলিশ জানিয়েছে, বোমা রাখার হুমকি ইমেল পাওয়ার পরেই আতঙ্ক ছড়ায় স্কুলে। তড়িঘড়ি পড়ুয়াদের স্কুল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তার পর স্কুলের বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়। কিন্তু সন্দেহজনক কিছু মেলেনি।
পুলিশের প্রাথমিক অনুমান, ভুয়ো হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছিল। কে বা কারা বোমাতঙ্ক ছড়ানোর নেপথ্যে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
