
আর গরমে নাজেহাল হতে হবে না যাত্রীদের। এবার ঠান্ডায় ঠান্ডায় চলে যাওয়া যাবে শিয়ালদহ থেকে রানাঘাট। রবিবার শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেনের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ রেল কর্তারা।
স্কুলের কচিকাঁচাদের নিয়ে শিয়ালদহ থেকে রানাঘাট গিয়েছে ট্রেনটি। ১২ বগির এই ট্রেনটি দুটো মহিলা কামরা রয়েছে। মেট্রো রেলের মতই এই ট্রেনে স্টেশন আসলে অটোমেটিক দরজা খুলবে। শিয়ালদহ থেকে দমদমের ভাড়া ধার্য করা হয়েছে ৩৫ টাকা, শিয়ালদহ থেকে ব্যারাকপুর ভাড়া ৬০ টাকা, নৈহাটি পর্যন্ত ভাড়া ৯০ এবং রানাঘাট পর্যন্ত ভাড়া ধার্য করা হয়েছে ১২০ টাকা। সুরক্ষা সংক্রান্ত অনেক ফিচার্স রয়েছে ট্রেনে। আপৎকালীন পরিস্থিতিতে বাটন টিপে সরাসরি চালক এবং গার্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যাত্রীরা। এছাড়া সিসিটিভি নজরদারি তো থাকছেই। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে রানাঘাট থেকে ডাউন এসি লোকাল ছাড়বে সকাল ৮টা ২৯ মিনিটে। যেটি শিয়ালদহে পৌঁছবে ১০টা ১০ মিনিটে। অন্যদিকে আপ এসি লোকাল ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধে ৬টা ৫০ মিনিটে।
আর রানাঘাট পৌঁছবে রাত ৮টা ৩২ মিনিটে। চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম এবং বিধাননগর স্টেশনগুলোয় দাঁড়াবে এসি লোকালটি।






