
পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনারের নাম বাছাই করতে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার।জানা গিয়েছে, ওই কমিটির চেয়ারম্যান হয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।
তাছাড়া অর্থ এবং কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের সচিব রয়েছেন ওই কমিটিতে। ১৮ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনায় রাজীব কুমার অবসর নেবেন। তাঁর উত্তরসূরি হিসাবে পাঁচ জন শীর্ষ স্তরের আমলার নাম বাছাই করবে সার্চ কমিটি। তারপর সেই সুপারিশ যাবে নিয়োগ কমিটির কাছে। মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের পুরনো বিধি অনুযায়ী বাকি দুই নির্বাচন কমিশনারের মধ্যে সিনিয়র কমিশনার’কে মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করার কথা ছিল। সেই হিসাবে জ্ঞানেশ কুমারের ওই পদে বসার কথা। কিন্তু নতুন বিধি অনুযায়ী রাজীব কুমারের বিকল্প বেছে নিতে সার্চ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি বর্তমান দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিংয়ের পাশাপাশি অন্য নামও সম্ভাব্য মুখ্য নির্বাচন কমিশনারদের তালিকায় রাখবে।
অভিযোগ, নতুন পদ্ধতির ফলে নির্বাচন কমিশনের কাজের ধারা সম্পর্কে সড়গড় নন, এমন আমলাও সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হতে পারবেন। এর ফলে কমিশনের দৈনন্দিন কাজে কিছু অসুবিধা তৈরি হতে পারে।








