নর্মদায় চলছে তল্লাশি অভিযান, প্রকাশ্যে দুর্ঘটনার আগের ভিডিও 

0
80
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
মধ্যপ্রদেশ নর্মদার জলে ডুবে গেছে যাত্রীবোঝাই প্রমোদতরী। কমপক্ষে ৩০ জন যাত্রী ছিলেন ওই তরীটিতে যার মধ্যে ৬ পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ১৫ জনকে উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানিয়েছে পুলিশ এবং উদ্ধারকারী দল।
 ইতিমধ্যেই পর্যটকদের নিয়ে নর্মদায় ক্রুজ় ডুবে যাওয়ার আগের ভিতরে কী পরিস্থিতি ছিল সেই মুহূর্তের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিয়োতে দেখা গিয়েছে, ক্রুজের ভিতরে জল থই থই করছে। মহিলারা লাইফ জ্যাকেট পরে বসে আছেন। ক্রুজের কর্মীরা আরও লাইফ জ্যাকেট বার করে যাত্রীদের দিচ্ছেন। জল যত বাড়ছিল, চিৎকার আর কান্নাকাটির আওয়াজ ততই বাড়ছিল। ক্রুজের এক দিক জলমগ্ন হয়ে পড়েছিল। ক্রমাগত ঢেউ আছড়ে পড়ছিল ক্রুজের ভিতরে। ডুবে যাওয়ার ঠিক আগের মুহূর্তের এই ভিডিয়ো ঘিরে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। আরও একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে , বেশ হাসি, মজা আর গল্প চলছিল যাত্রীদের মধ্যে। তার পরই সেই হাসি, মজা বদলে গিয়েছিল আতঙ্কে। ভিডিয়োতে অনেক শিশুকেও দেখা গিয়েছে।
ছিলেন বেশ কয়েক জন মহিলাও। ক্রুজটি জলের ঢেউয়ে প্রচণ্ড ভাবে দুলছিল। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এস নিউজ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, গভীর জলাধারের মাঝখানে পৌঁছে গিয়েছিল প্রমোদতরীটি, সেই সময় হঠাৎই আবহাওয়া খারাপ হয়। শুরু হয় তীব্র হাওয়ার দাপট। তখনই ভারসাম্য হারিয়ে একপাশে কাত হয়ে জলে ডুবে যায় প্রমোদতরীটি। প্রসঙ্গত, এই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা যাত্রীরা নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, যাত্রীদের ঠিক মতো লাইফজ্যাকেট দেওয়া হয়নি। সূত্রের খবর, এই ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের তদন্তকমিটি গঠন করা হয়েছে।