
কড়া নিরাপত্তার মধ্যে জম্মু-কাশ্মীরের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার দ্বিতীয় দফায় উপত্যকার ২৬টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
জম্মু-কাশ্মীর পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে আধা সেনাও। বিভিন্ন কেন্দ্রে চলছে টহলদারি। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব জায়গার নিরাপত্তা জোরদার করা হয়েছে।বুধবার মধ্য কাশ্মীরের তিন জেলা বদগাম, গান্ডেরবাল এবং শ্রীনগরে ভোটগ্রহণ হচ্ছে। অন্যদিকে, জম্মুর তিন জেলা রইসি, রাজৌরি এবং পুঞ্চ-এও ভোট হচ্ছে। এগুলির মধ্যে শ্রীনগরে আটটি, বদগাম জেলায় পাঁচটি, রাজৌরিতে পাঁচটি, পুঞ্চে তিনটি, গান্ডেরবালে দু’টি এবং রইসিতে তিনটি বিধানসভা আসন রয়েছে।জম্মু-কাশ্মীরের দ্বিতীয় দফার ভোটে নজরে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা-সহ মোট ২৩৯ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।




