
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দ্রুত সম্প্রসারন ও সংস্কার প্রয়োজন। ব্রিকস সামিটে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
রাশিয়ার কাজানে ব্রিকস দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, নিরাপত্তা পরিষদের সংস্কার করে প্রত্যেকের সমান অংশীদারিত্ব দেওয়া উচিত। বর্তমানে বিশ্ব ব্যবস্থা পুরোন কাঠামো অনুসরন করে চলছে। তাতে বিশ্বের প্রতিটি অঞ্চলের প্রতিনিধিত্ব নেই। বর্তমানে করোনা মহামারী থেকে খাদ্য সংকট, যুদ্ধের মতো একাধিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে গ্লোবাল সাউথকে। কিন্তু আন্তর্জাতিক সর্বোচ্চ স্তরে তাদের সমান প্রতিনিধিত্ব কম থাকায় বিভিন্ন ক্ষেত্রেই বৈষম্যের শিকার হতে হচ্ছে দেশগুলিকে। ফলে নিরাপত্তা পরিষদের সংস্কারের মাধ্যমে যে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে তাতে এই উদীয়মান দেশগুলির উন্নতি হবে।
সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের বার্ষিক সম্মেলনেও নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ নিয়ে সরব হয়েছিল ভারত। সেই সময় ভারতকে সমর্থন জানিয়েছিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ পশ্চিমী দেশগুলি।
ছবি সৌজন্যে : এক্স








