
জম্মু-কাশ্মীরের শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে এক জঙ্গি। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
মঙ্গলবার ডাচিগামের জঙ্গল থেকে ওই জঙ্গির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, শ্রীনগরের হারওয়ান এলাকায় ডাচিগাম জঙ্গলে এক দল সশস্ত্র জঙ্গির ঘোরাফেরা করার খবর পেয়েছিল পুলিশ। তারপরই সেনা এবং পুলিশের যৌথবাহনী হারওয়ান এলাকায় পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে। সেনার উপস্থিতি টের পেয়েই যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা। অন্ধকার থাকায় জঙ্গিদের সংখ্যা বুঝতে পারেনি সেনারা।
পাল্টা জবাব দিয়েছে যৌথবাহনীও। খবর পেয়ে অতিরিক্ত বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। তারপরই জঙ্গল এবং এলাকা ঘিরে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
