
আমেরিকার কুর্সিতে ডোনাল্ড ট্রাম্পের বসার পরই ব্যাপক ধস ভারতের শেয়ার বাজারে। মঙ্গলবার বারোশো পয়েন্টেরও বেশি পড়েছে সেনসেক্স। নিফটির পয়েন্ট নেমেছে ২৩ হাজারে।
বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্পের নীতি বাণিজ্যে পাঁচিল তুলে রফতানি-সহ ভারতের অর্থনীতির জন্য প্রতিকূলতা তৈরি করতে পারে। তাই তাদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। সূচকের পতনের অন্যতম কারণ এটি বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ।মঙ্গলবার সেনসেক্স ১ হাজার ২৩৫ পয়েন্ট পড়ে ৭৫ হাজার ৮৩৮ দশমিক ৩৬ সূচকে দাঁড়িয়েছে। অন্যদিকে, নিফটি ৫০-এর সূচক নেমেছে প্রায় ২৯৯ পয়েন্ট।ফলে নিফটি বন্ধ হয়েছে ২৩ হাজার ০৪৫ পয়েন্টে।অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটোর শেয়ারে ১১ শতাংশ পতন দেখা দিয়েছে। এছাড়া রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের দরে পতন দেখা দিয়েছে।
বিএসই শেয়ার বাজারের একদিনের ক্ষতি ৭ দশমিক ৪৮ লাখ কোটি টাকা। মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় এই শেয়ার বাজারের মূলধন ৪১৭ লাখ কোটিতে নেমে গিয়েছে।
