
ফের সুদের হার কমিয়েছে আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর দু’মাসে এই নিয়ে দ্বিতীয় বার সুদ হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল ব্যাঙ্ক।
এরফলে ভারতীয় মুদ্রার দাম কমে গিয়েছে। ডলার নিরিখে ভারতীয় মুদ্রার দাম ৮৫টাকা ছাড়িয়ে গিয়েছে। সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ কমানোর ঘোষণা করেছেন ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েল। এর আগে নভেম্বর মাসে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা। ডিসেম্বরে আরও একবার এক চতুর্থাংশ হারে সুদ কমানোর ইঙ্গিত দিয়েছিল আমেরিকার প্রধান আর্থিক প্রতিষ্ঠানটি। সেই অনুযায়ী সুদের হার কমানোর ঘোষণা করেছেন পাওয়েল। তিনি বলেছেন, ঋণ নেওয়ার খরচ আরও কমানো ও উচ্চ মূল্যস্ফীতি কমানোর দাওয়াই হিসাবে সুদ হ্রাসের পথে হাঁটার এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে ভারত-সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের শেয়ার বাজারে প্রভাব পড়েছে। ফেডারেল রিজার্ভের সুদ কমানোর ঘোষণার সঙ্গে সঙ্গেই এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় শেয়ার বাজারে। বৃহস্পতিবার বাজার খোলার পর হাজার পয়েন্টেরও বেশি পতন দেখা গিয়েছে সেনসেক্সে।
সকালেই ৮০ হাজারেরও নীচে নেমে গিয়েছে সেনসেক্স। ফেডারেল রিজার্ভের সুদ কমানোর পরই ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম আরও কমেছে। প্রথম বারের মতো ডলারের দাম পৌঁছে যায় ৮৫ টাকায়।







