
ফের রক্তস্নাত দালাল স্ট্রিট। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা বাজতেই বিশ্ব বাজারে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। হরমুজের জট ছাড়ানোর সম্ভাবনা কার্যত শিকেয় উঠতেই হুড়মুড়িয়ে নেমেছে দালাল স্ট্রিটের সূচক। বুধবার সকালে বাজার খুলতেই হাজার পয়েন্টের নিচে নেমে যায় সেনসেক্স।
পাল্লা দিয়ে নামে নিফটিও। বুধবার সকালে বাজার খোলার পরই ধস নামতে দেখা যায় বাজারে। এরপর বেলা যত বাড়তে থাকে লাগাতার নিম্নমুখী হয় বাজার। বেলা ১২.৩০ নাগাদ সেনসেক্স ১০০২.৫৪ পয়েন্ট অর্থাৎ ১.৩৪ শতাংশ নেমে দাঁড়ায় ৭৩ হাজার ৬৪৭.৩০তে। পাল্লা দিয়ে নেমেছে নিফটিও। রিপোর্ট বলছে, এই সময়ে নিফটি ২৮৮.৮৫ পয়েন্ট অর্থাৎ ১.২৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৯৪.৭০ তে। ব্যাঙ্ক নিফটিও নেমেছে ১০০-র পয়েন্ট। বর্তমানে ব্যাঙ্ক নিফটি দাঁড়িয়ে রয়েছে ৫৩ হাজার ৬২০.৫৫তে। এদিকে, শেয়ার বাজারের এই দুর্দশার নেপথ্যে বেশ কতগুলি কারণ সামনে আসছে। যার মধ্যে উল্লেখযোগ্য ইরান-আমেরিকা শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তা।
বুধবার ফের কুয়েত, বাহরিনের মতো দেশে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। দু’ মাসেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট চরম আকার নিয়েছে। হুড়মুড়িয়ে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বুধবার ০.৮৮% বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৮৪ ডলারে দাঁড়িয়েছে।এই অবস্থায় বিশ্বজুড়ে মন্দা আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরা গত কয়েকমাসে বিপুল টাকা তুলে নিয়েছে বাজার থেকে। বেলাগাম ভাবে পড়ছে টাকার দাম।
