
রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর নিয়োগের পরেই ডলারের নিরিখে সর্বকালীন পতন টাকার দামে। এই পরিস্থিতিতে শেয়ার বাজারের আরও বেশি পরিমাণে বিদেশি লগ্নিকারী হারানোর আশঙ্কা করছেন আর্থিক বিশেষজ্ঞরা।
সোমবার বাজার খোলার পর দেখা যায় ৮৪ দশমিক ৭৫-এ ঘোরাফেরা করছে টাকার দাম। শেয়ার বাজারের সর্বশেষ সেশনের থেকেও দর নেমেছে বলে জানা গিয়েছে।সূত্রের খবর, ডলারের নিরিখে টাকার দামের এই পতন ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে আরবিআই। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সাহায্যে লগ্নিকারীদের ডলার বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে, ডলারের নিরিখে টাকার দাম পড়লেও শেয়ার বাজারে তেমন প্রভাব পড়ল না। বাজারে দিনভর বজায় ছিল অস্থিরতা।মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জ বন্ধ হওয়ার পর ৮১ হাজার ৫১০ দশমিক ০৫ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সেনসেক্স। এই সূচক উঠেছে মাত্র ১ দশমিক ৫৯ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ নেমেছে মাত্র ৮ দশমিক ৯৫ পয়েন্ট। দিনের শেষে এই বাজার বন্ধ হয়েছে ২৪ হাজার ৬১০ দশমিক ০৫ পয়েন্টে।স্টকে লগ্নিকারীদের মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এসবিআইয়ের বিনিয়োগকারীরা।
লোকসানের মুখ দেখতে হয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, ভারতী এয়ারটেল এবং লার্সেন অ্যান্ড টুব্রোর স্টকে।
