
বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই বড়সড় ধস নেমেছে সেনসেক্স এবং নিফটিতে। সেনসেক্স একধাক্কায় নেমে গিয়েছে প্রায় ৬০০ পয়েন্ট। নিফটিতেও পতন হয়েছে ৫০ পয়েন্ট। বাজার খোলার এক ঘণ্টার মধ্যে সেনসেক্স ৬০০ পয়েন্ট নেমে গিয়ে ৮০ হাজার ৩০০ পয়েন্টের আশেপাশে ট্রেড করতে থাকে।
অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও ৫০ পয়েন্ট নেমে গিয়ে ২৪ হাজার ৫৮০ পয়েন্টের আশেপাশে ট্রেড করা শুরু করে। ১৬টি গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে ১৪ টিই লোকসানে চলছে। যার ফলে বাজার থেকে কয়েক লক্ষ কোটি টাকা উবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার ঠিক আগেও বিরাট পতন দেখেছিল শেয়ার বাজার।
সেনসেক্স ও নিফটি দুটোই একধাক্কায় ১ শতাংশ করে পড়ে যায়। যা কিনা গত তিন মাসের মধ্যে সবচেয়ে বড় পতন। যার ফলে বাজার থেকে প্রায় ৫ লক্ষ কোটি টাকা উবে যায়। গণেশ চতুর্থীর জন্য বুধবার বাজার বন্ধ ছিল। বৃহস্পতিবার ফের বাজার খুলতেই ধস নেমেছে।





