
সোমবার সকালে শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে প্রায় ৪ হাজার পয়েন্ট পতন হয় বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসইতে। দুপুরে অবস্থার একটু উন্নতি হয়ে সেই পতন ৩১০০ এর কাছাকাছি গিয়ে দাঁড়ায়। এক হাজার পয়েন্ট পড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক। সপ্তাহান্তের ছুটির পর লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ৩ হাজার ৯৩৯ দশমিক ছয় আট পয়েন্ট কমে ৭১ হাজার ৪২৫ দশমিক শূন্য এক-এ দাঁড়ায়।
এই সময়ের মধ্যে নিফটিও ১হাজার ১৬০ দশমিক ৮ পয়েন্ট কমে ২১ হাজার ৭৪৩ দশমিক ছয় পাঁচ এ পৌঁছায়। মুহূর্তে ভারতীয় শেয়ার বাজার ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ভারতের শীর্ষ ৩০টি সংস্থার মিলিত সূচক ২৫০০ পয়েন্টের বেশি কমে। বিনিয়োগকারীদের ১৯ লক্ষ কোটি টাকা এক নিমেষে উধাও হয়ে যায় সপ্তাহের প্রথম দিনেই।
