
২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের আগে বীরভূমের যুযুধান অনুব্রত মণ্ডল, কাজল শেখকে নিয়ে আলাদা বৈঠক করেছেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম।
দুজনকেই ভর্ৎসনা করা হয়েছে। প্রকাশ্যে এত মন্তব্য কেন, দল অনেক ভেবেচিন্তে চলে। ভাবনা চিন্তা করে কোর কমিটি গড়া হয়েছে। কোর কমিটির সবাইকে নিয়ে চলতে হবে। সামনে ভোট এমন আচরণ করা যাবে না। ক্ষোভ থাকলে নেতৃত্বকে বলতে বলেছেন। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খুলতেও বারণ করা হয়েছে। তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে কেউ যাতে কারও এলাকা দখল করতে না যায়। কারণ তাদের ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে দলের ক্ষতি হচ্ছে। দলের কোনও ক্ষতি হলে তার ফল ভাল হবে না বলেও সতর্ক করা হয়েছে। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুজনেই বীরভূম তণমূলের কোর কমিটির সদস্য। ২১-র প্রস্তুতি বৈঠক শুরুর আগে ভবানীপুরে পৌঁছে গিয়েছিলেন বীরভূম তৃণমূলের কোর কমিটির দুই সদস্য।
তাদের আলাদা করে ডেকে নেন সুব্রত বক্সি। সঙ্গে ছিলেন বীরভূমের দায়িত্বপ্রাপ্ত নেতা ফিরহাদ হাকিম। এরপর রুদ্ধদ্বার বৈঠকে দু’জনকে সংঘাত কমানোর বার্তা দেওয়া হয়েছে। ভবানীপুরের বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে যাবতীয় বিবাদ মিটে গিয়েছে।






