
দেশজুড়ে টানা কয়েক দিন বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের ধাক্কা সামলে অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ইন্ডিগো। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থার সিইও পিটার আলবার্স জানিয়েছেন, অপারেশন এখন স্থিতিশীল এবং সংস্থার পরিষেবা ধীরে ধীরে আগের গতিতে ফিরে এসছে।
যাত্রীদের অসুবিধার জন্য ফের একবার ক্ষমাও চেয়েছেন তিনি। আলবার্স বলেছেন, তাঁদের তরফেই পরিষেবায বিঘ্ন ঘটেছিল – তার দায় স্বীকার করছেন। কিন্তু এখন ইন্ডিগো আবার ঘুরে দাঁড়িয়েছে। সকলের ধৈর্য ও আস্থার জন্য ধন্যবাদ।
আলবার্স বলেছেন, গত ৫ ডিসেম্বর মাত্র ৭০০টি ফ্লাইট পরিচালনা করতে পেরেছিল ইন্ডিগো। কিন্তু পরের দিন থেকেই সংখ্যা বাড়তে শুরু করে। ইন্ডিগো বিপর্যয়ে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। সূত্রের খবর, দৈনিক অন্তত ৫ শতাংশ উড়ান, অর্থাৎ প্রায় ১১৫টি ফ্লাইট ইন্ডিগোর কাছ থেকে প্রত্যাহার করতে পারে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
