
আরব উপদ্বীপের উত্তর সৌদি আরবে ১ লাখ ১৫ হাজার বছরের পুরনো মানুষের পায়ের ছাপের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।নেফুদ মরুভূমির এক শুকনো হ্রদে পাওয়া সাতটি পায়ের ছাপ প্রাচীন মানুষের পথচলার এক বিরল নিদর্শন।
আধুনিক মানুষের পূর্বপুরুষরা যে সেই সময়েই এ দুর্গম পথ পাড়ি দিয়েছিলেন এ আবিষ্কার তারই বড় প্রমাণ।বিজ্ঞানীদের মতে, আরব উপদ্বীপে মানুষের সবচেয়ে প্রাচীন এ ছাপের সন্ধান মিলেছে প্রাগৈতিহাসিক কাদা-গর্তে। সেখানে শত শত পশুর পায়ের ছাপের মধ্যে মানুষের সাতটি ছাপ দেখা গেছে। বলা হচ্ছে ২০১৭ সালে আবহাওয়ার কারণে উপরের মাটির স্তর সরে যাওয়ায় প্রত্নতাত্ত্বিকরা এ নিদর্শনগুলো খুঁজে পান। ধারণা করা হয়, ১ লাখ বছরেরও বেশি আগে কাদাঘেরা এ হ্রদটি মানুষ ও পশুদের চলাচলের একটি ব্যস্ত এলাকা ছিল।
মানুষ কোনো এলাকা ছেড়ে চলে যাওয়ার সময় তাদের ফেলে যাওয়া পায়ের ছাপগুলো মাটির আস্তরণে ঢাকা না পড়া পর্যন্ত টিকে থাকে। এর আগে বার্জেস শেল- এর মতো অনেক পুরানো ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, হঠাৎ কাদার নিচে চাপা পড়ে যাওয়ার কারণে পৃথিবীর আদিমতম কিছু জীব সম্ভবত অক্ষত অবস্থায় টিকে ছিল।






