
বালোচিস্তানের রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত অনেকে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তাকর্মী এবং পুলিশ। সকলকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কারা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। সরকারি আধিকারিক হামজা শাফায়াত জানান, মঙ্গলবার বালোচিস্তান ন্যাশনাল পার্টির নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী ছিল। সেই উপলক্ষে কোয়েটায় একটি স্মরণসভা আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি-র অনেক সদস্য। সমাবেশের শেষে অনেকেই বেরিয়ে আসেন।
সে সময়ে কাছের পার্কিং লটে আচমকা বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী। ওই বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং কম করে ১৮ জন আহত হয়েছেন।








