
টানা বৃষ্টি, হঠাৎ মেঘভাঙা, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জম্মু–কাশ্মীরের রামবন জেলা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ২৮৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৯৫০ জন মানুষকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে অবকাঠামোগত বড় ধাক্কা। মোট ১৮২টি সড়কের মধ্যে ৭৫টি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে ৫৫টি মেরামত করা হয়। পরে টানা বৃষ্টিতে ফের ৮৪টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ৩০টি ফের চালু করা সম্ভব হয়েছে। এদিকে, চলতি বছর লাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত পাঞ্জাবের প্রায় ২৩টি জেলা। এখনও পর্যন্ত বন্যা পরিস্থিতিতে সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭ জন। বিপদসীমা উপচে দু’কূল ভাসাচ্ছে শতদ্রু, বিপাশা ও রবির মতো একাধিক নদী। বড় বড় ড্যাম থেকে ছাড়া হচ্ছে অতিরিক্ত জল।
উত্তর ভারতে অব্যাহত প্রবল বর্ষণের জেরে ভারতীয় আবহাওয়া বিভাগ একাধিক সতর্কতা জারি করেছে। এই পরিস্থিতির মধ্যে উত্তরাখণ্ডে আবহাওয়া চরম আকার ধারণ করেছে। রাজ্যের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং মেঘভাঙা-এর মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে।
