অস্ট্রেলিয়ায় পাখিদের মধ্যে লিঙ্গ পরিবর্তন

0
149
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

অস্ট্রেলিয়ায় বন্য পাখিদের মধ্যে বিস্ময়কর লিঙ্গ পরিবর্তনের প্রমাণ পাওয়া গেছে। ক্রমবর্ধমান পরিবেশ দূষণ বা অন্যান্য জলবায়ুগত কারণে এটি হতে পারে। অস্ট্রেলিয়ান ম্যাগপাই, লাফিং কুকাবারা, ক্রেস্টেড পিজিয়ন, রেনবো লরিকিট ও স্কেলি ব্রেস্টেড লরিকিট,অস্ট্রেলিয়ার ৫টি সাধারণ প্রজাতির বন্য পাখির ওপর করা এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৬ শতাংশ পাখির ক্রোমোজম এক লিঙ্গের, কিন্তু প্রজনন অঙ্গ অন্য লিঙ্গের।

বায়োলজি লেটারস নামে এক সাময়িকীতে অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন,গবেষণা ফলাফল ইঙ্গিত দিচ্ছে,জন্মের পর বিস্ময়করভাবে অনেক পাখির লিঙ্গ বদলে গেছে।গবেষণায় প্রায় ৫০০ পাখির ডিএনএ পরীক্ষা করা হয়। লিঙ্গ পরিবর্তনের অধিকাংশ ঘটনার ক্ষেত্রে দেখা গেছে,জিনগতভাবে স্ত্রী পাখিদের মধ্যে পুরুষ প্রজনন গ্রন্থি গড়ে উঠছে।গবেষণা নিবন্ধের সহ-লেখক ডমিনিক পটভিন বলেছেন, এটি ইঙ্গিত দিচ্ছে যে বন্য পাখিদের লিঙ্গ নির্ধারণের বিষয়টি ধারণার চেয়ে অনেক বেশি পরিবর্তনশীল।আর প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এ পরিবর্তন ঘটতে পারে।যেমন একটি কুকাবারা পাখির ডিএনএ পরীক্ষায় প্রমাণ মেলে সে মেয়ে। কিন্তু তার ভেতরে রয়েছে পুরুষের প্রজনন অঙ্গ। প্রথমে বিজ্ঞানীরা ভাবলেন পরীক্ষায় ভুল হয়েছে। তাই আবার পরীক্ষা করলেন, ফলাফল একই।

সম্প্রতি অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের বন্যপ্রাণী হাসপাতালগুলোতে মৃত অবস্থায় আনা ওই পাখিগুলোর ওপর গবেষণা চালান বিজ্ঞানীরা।এরপর যখন মৃতদেহ ব্যবচ্ছেদ করে তাদের প্রজনন অঙ্গ পরীক্ষা করা হয়,তখন দেখা যায় ২৪টি পাখির জেনেটিক লিঙ্গ আর তাদের প্রজনন অঙ্গের লিঙ্গ একরকম নয়।সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রী পাখির শরীরে মিলেছে পুরুষ পাখির প্রজনন অঙ্গ।