
বালেশ্বর কলেজের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে কলেজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ছাত্রী। তাঁর দেহের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে । বন্ধুকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন আরও এক ছাত্রী। তাঁরও ৭০ শতাংশ পুড়ে গিয়েছে বলে খবর।
জানা গিয়েছে বালেশ্বরের কলেজের যৌন নিগ্রহে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। সাসপেন্ড করা হয়েছে ওই কলেজের প্রিন্সিপালকে। ওড়িশার শিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ রবিবার জানিয়েছেন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। দুই ছাত্রীর চিকিত্সার সব খরচ বহন করবে ওড়িশা সরকার। বিশেষ দল গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ অধ্যাপকের যৌন হেনস্থার কথা অনেক দিন ধরেই আসছিলেন ওই ছাত্রী। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি বালেশ্বরের সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গির কাছেও অভিযোগ জানিয়েছিলেন। তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে সাংসদ অভিযুক্তকেই বাঁচাতে চেয়েছিলেন বলে অভিযোগ।
