
নর্দার্ন জোনাল কাউন্সিলরের বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বৈঠক হবে হরিয়ানার ফরিদাবাদে। দিল্লি বিস্ফোরণের পর বার বার শিরোনামে উঠে এসেছে এই ফরিদাবাদ।
সেখান থেকে দিল্লি বিস্ফোরণের ঠিক আগেই উদ্ধার হয় বিস্ফোরক। ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনও না কোনও ভাবে যোগ রয়েছে ধৃত তিন জনের। উত্তর ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সোমবারের এই বৈঠক করবেন অমিত শাহ। বৈঠকে উপস্থিত থাকবেন হরিয়ানা, হিমাচল প্রদেশ, পঞ্জাব, রাজস্থান, দিল্লি, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং চণ্ডীগড়-এর প্রতিনিধিরা। ওই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, মহিলা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া যৌন অপরাধের দ্রুত তদন্ত নিয়ে আলোচনা হবে। দ্রুত মামলা মেটানোর জন্য ফাস্ট ট্র্যাক আদালত তৈরি, ব্যাঙ্কিং পরিষেবা নিয়েও আলোচনা হবে।
সরকারি ভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিভিন্ন বিষয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনও প্রভেদ থাকলে তা নিরসন করার মঞ্চ হল এই বৈঠক। ১৯৫৬ সালের স্টেট রিঅর্গানাইজেশন আইনের ১৫ থেকে ২২ ধারায় মোট পাঁচটি জোনাল কাউন্সিল তৈরি করা হয়। তার মধ্যে একটি হল নর্দার্ন জোনাল কাউন্সিল। এই কাউন্সিলের চেয়ারপার্সন হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে হরিয়ানার মুখ্যমন্ত্রী কাউন্সিলের ভাইস-চেয়ারপার্সন।
