
সুপারস্টার ও নাইট রাইডার্স গ্রুপের সহ-মালিক শাহরুখ খানের নেতৃত্বে নাইট রাইডার্স গ্রুপ বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে।
নিজেদের দেশের বাইরে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার নজির স্থাপন করেছে তারা।আমেরিকার লস অ্যাঞ্জেলেসে উদ্বোধন হয়েছে বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি-নির্মিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নতুন এই নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড-এ প্রথম ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং ওয়াশিংটন ফ্রিডম। এর মাধ্যমে আমেরিকায় ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সম্ভাবনার নতুন এক অধ্যায়ের সূচনা হলো।এটি শুধু একটি নতুন স্টেডিয়াম নয়,বরং লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। বিশ্বমানের পরিকাঠামো নির্মাণের মাধ্যমে আমেরিকায় ক্রিকেটের বিকাশে নাইট রাইডার্স গ্রুপের প্রতিশ্রুতিরই প্রতিফলন এই প্রকল্প।আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নির্মিত স্টেডিয়ামটিতে রয়েছে মূল স্কয়ারে আটটি উইকেট, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল,আইসিসি-এর নির্ধারিত মানসম্মত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উচ্চতার ছ’টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে প্রায় ৩২ হাজার মেট্রিক টন মাটি স্থানান্তর করা হয়েছে।শাহরুখ খান এক বিবৃতিতে বলেছেন, যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন, তা বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা তাঁদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের এই দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে তাঁরা শুধু একটি ক্রিকেট স্টেডিয়ামই গড়ে তুলছেন না,বরং এমন একটি স্থান নির্মাণ করছেন, যেখানে সম্প্রদায়ের বন্ধন, একসঙ্গে উদযাপন, প্রাণচাঞ্চল্য ও বিনোদনের সমন্বয় ঘটবে।








