
শাহরুখ খান ও দীপিকা পাডুকোন মেট গালায় উপস্থিত না থাকলেও, তাদের আসন্ন ছবি কিং-এর একটি গানের দৃশ্যের শুটিং করতে সমুদ্রসৈকতে গিয়ে তারা অনলাইনে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে , সমুদ্রসৈকতে রোমান্টিক আবহে গান ও নাচের দৃশ্যের শুটিং করছেন শাহরুখ ও দীপিকা। ভাইরাল হওয়া দৃশ্যগুলোতে দুজনকে হালকা ও সাদামাটা রঙের পোশাকে দেখা গিয়েছে। সোনালি সূর্যাস্তের মনোমুগ্ধকর পটভূমিতে একে অপরের দিকে হেঁটে আসছেন তারা, এরপর কোরিওগ্রাফির সঙ্গে তাল মিলিয়ে রোমান্টিক নাচে অংশ নিচ্ছেন। ভিডিওতে আরও দেখা গিয়েছে, একটি দৃশ্য নিখুঁতভাবে শুট করতে শাহরুখ ও দীপিকাকে দু’-তিনবার একই নাচের স্টেপ করতে হয়েছে। মাঝে মাঝে নাচ থামিয়ে আবার আগের জায়গায় ফিরে গিয়ে নতুন করে শট শুরু করতে দেখা যায় তাদের। পুরো দৃশ্যজুড়ে ছিল সিনেমাটিক আবহ ও রোমান্সের ছোঁয়া, যা ফ্যানদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। এদিকে শুটিংয়ের জন্য সমুদ্রসৈকতের একটি অংশ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হলেও কৌতূহলী দর্শকদের ভিড় ঠেকানো যায়নি। দূর থেকে শুটিং দেখার জন্য অনেক মানুষ জড়ো হন ও তাদের মধ্য থেকেই কেউ কেউ মোবাইলে ভিডিও শুট করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এরপর থেকেই কিং-এর শুটিং নিয়ে আলোচনা শুরু হয় নেটদুনিয়ায়। জানা গেছে, ছবির শুটিং শুরু করতে গত সপ্তাহেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন শাহরুখ ও দীপিকা। নির্মাতারা ছবির কাজ শুরু করেছেন একটি রোমান্টিক গানের দৃশ্য দিয়েই।
সেট থেকে ফাঁস হওয়া ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে একটি গানের অংশও শোনা যায়। নেটিজেনদের ধারণা, সেটি ব্রিটিশ গায়ক এড শিরান-এর কোনো জনপ্রিয় গানের সুর হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে শুটিং সেট থেকে ছবি ও ভিডিও ফাঁস হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সোশ্যাল মিডিয়া, এক্সে দেওয়া এক পোস্টে তিনি অনুরোধ জানান,কিং-এর কোনো ফাঁস হওয়া ছবি বা ভিডিও যেন কেউ শেয়ার না করেন।
