শাহরুখের ‘কিং’, ক্লাইম্যাক্স ফাঁস 

0
45
ছবি সৌজন্যে : এক্স

কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে মেগাবাজেট সিনেমার সিকোয়েন্স সাজানো বর্তমানে প্রায় জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে! হলিউড-বলিউড হোক কিংবা দক্ষিণী সিনেমা, প্রিয় তারকাদের ছবি মুক্তির প্রাক্কালে অ্যাড্রিনালিন রাশ-এর পালে হাওয়া তুলে মাঝেমধ্যেই ফ্যান ফলোয়াররা এহেন কর্মকাণ্ড ঘটায়। এযাবৎকাল রিলিজের আগে এআই-এর গেরোয় পড়ে বহু সিনেমার মজা মাটি হয়েছে, এবার শাহরুখ খানের কিং-এর ক্ষেত্রে যেন তেমনটা না ঘটে, তার জন্য়েই শুটিং স্পটে নিরাপত্তা বাড়িয়েছেন নির্মাতারা।

আসলে ঘোষণার পর থেকেই শাহরুখ খানের কিং সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য নেটভুবনে রাজত্ব করে বেড়াচ্ছে।বিশেষ করে বিগ বাজেট এই ছবির তারকাখচিত কাস্টিং এবং শাহরুখের কিং লুক চর্চার শিরোনামে। এমন আবহেই সম্প্রতি দক্ষিণ আফ্রিকার শুটিং থেকে ফাঁস হয় শাহরুখ-দীপিকা ও অভিষেক বচ্চনের লুক। যেসব ক্যামেরাবন্দি মুহূর্তে কখনও দীপিকা পাড়ুকোনের হাত ধরে রোম্যান্স কিং’কে শট দিতে দেখা গিয়েছে তো কখনও বা আবার বন্দুকধারী অবতারে গাড়ির উপর দাঁড়িয়ে হম্বিতম্বি করতে দেখা যাচ্ছে অভিষেক বচ্চনকে। যা দেখে ফ্যান ফলোয়ারদের প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড়। সোশাল মিডিয়াতেও দাবানল গতিতে ভাইরাল সেসব ছবি-ভিডিও। তবে ফ্যানরা যতই লাফালাফি করুন না কেন, বিষয়টি কিন্তু মোটেই ভালো লাগেনি পরিচালক সিদ্ধার্থ আনন্দের।সেই প্রেক্ষিতেই নির্মাতাদের তরফে এবার কড়া পদক্ষেপ করা হল।এদিকে বর্তমানে মুম্বইয়ে কিং ছবির শুটিং চলছে।সেখান থেকে সিনেমার আর কোনও চরিত্রের লুক কিংবা সিকোয়েন্সের দৃশ্য যেন ফাঁস না হয়,তাই গোট শুটিং স্পট কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছেন নির্মাতারা। আসলে দক্ষিণ আফ্রিকা থেকে শুটের ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে,ফ্যান মেড একটি ১৫ মিনিটের ভিডিও ভাইরাল হয়।

কানাঘুষো, সেটাই নাকি সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের অংশ। এবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেকারণেই কড়া নিরাপত্তা বলয়ে শুটিং সারছেন শাহরুখ, দীপিকা, অভিষেকরা।