
বলিউডের উঠতি র্যাপার গায়ক হানি সিংকে থাপ্পড় মেরেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০১৫ সালে এমন সংবাদে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল মিডিয়ায়। ৯ বছর আগের সেই ঘটনা নিয়ে এখনো ধোঁয়াশা কম নেই।
তবে দীর্ঘ ন’ বছর পর সেই থাপ্পড়কাণ্ড নিয়ে কথা বলেছেন হানি সিং। জানিয়েছেন, এটা একেবারেই মিথ্যা এক রটনা।ঠিক ন’ বছর আগে হঠাৎই শিরোনামে আসেন শাহরুখ খান ও হানি সিং। আমেরিকায় এক অনুষ্ঠান করতে গিয়ে হোটেলের রুমে ঢুকে পাঞ্জাবি গায়ক হানি সিংয়ের উপর নাকি চড়াও হন বলিউড বাদশা শাহরুখ খান। খবরে এসেছিল, হানিকে শাহরুখ এত জোরে চড় মারেন যে আহত হন গায়ক। তার কপাল ফেটে নাকি অঝোরে রক্তও ঝড়েছিল।আর তার পরেই মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি। সেই সময় এই ঘটনা নিয়ে আলোচনায় হয়েছিল প্রচুর। এবার সেই ঘটনার ৯ বছর পর, ঠিক কী ঘটেছিল সেদিন তা নিয়ে মুখ খুলেছেন হানি সিং। প্রকাশ্যে আনলেন রটে যাওয়া ঘটনার সত্যতা।সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিংয়ের জীবনের উপর তৈরি তথ্যচিত্র। আর সেই তথ্যচিত্রেই আসল গল্পটা ফাঁস করেছেন হানি সিং। গায়ক জানিয়েছেন, শাহরুখ কখনই তাঁর গায়ে হাত তুলবেন না। শাহরুখ এমন মানুষই নন। খুবই ভালোবাসেন কিং খান। হানি আরও বলেছেন, আসলে সেদিন তাঁর মঞ্চে উঠতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল, মঞ্চে উঠলেই মরে যাবেন। তাই প্রথমে হোটেলের রুমে ঢুকে মাথার সব চুল কেটে ফেলেছিলেন। তারপর নিজের মাথায় একটা কফি মাগ ভেঙে ছিলেন এতেই আহত হন গায়ক হানি সিং। এসব করেই সেদিনের শো আটকে ছিলেন।
হানি সিংয়ের এই বক্তব্যকে সমর্থন করেছেন, তার বোনও। তিনি জানিয়েছেন,এই ঘটনার পরই মাথায় রক্ত নিয়ে ফোন করে হানি। খুবই ভয় পেয়ে গিয়ে ছিলেন। এর নেপথ্যে শাহরুখের কোনও দোষ নেই।








