
চারটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনার জন্য সৌদি আরবের নামও প্রস্তাব করেছেন তিনি। শাহবাজ বলেছেন, ভারতের সঙ্গে কাশ্মীর, জল, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ— এই চারটি মূল বিষয়ের উপর আলোচনা হবে।
তিনি জানিয়েছেন, ভারত কেবল সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা চাইলেও, তারা এই চারটি বিষয় নিয়ে কথা বলার দাবিতে অনড় থাকবেন। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া চুক্তি স্থগিত রাখে ভারত। দুই দেশের সংঘর্ষবিরতি হওয়ার পরেও এখনও এই চুক্তির স্থগিতাদেশ প্রত্যাহার করেনি নয়াদিল্লি। তুরস্ক পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে বলবে, এই আশা রাখে নয়াদিল্লি। একই সঙ্গে ভারতের বিমানবন্দরগুলিতে তুরস্কের সংস্থা সেলেবির অনুমতি বাতিল নিয়েও অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার এক মাসের মাথায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়সওয়াল বলেছেন, ভারতের আশা, তুরস্ক পাকিস্তানকে অনুরোধ করবে তারা যেন সীমান্তে সন্ত্রাসবাদকে সমর্থন করা এবং মদত দেওয়া বন্ধ করে। যে সন্ত্রাসবাদের রাজত্ব গড়ে উঠেছে গত কয়েক দশক ধরে, তার বিরুদ্ধে যেন পাকিস্তানকে পদক্ষেপ করতে বলে তুরস্ক।



