
বছরখানেক বাদে পুরনো ফর্মে শাহিদ কাপুর। যে অভিনেতা একসময়ে কামিনে,হায়দর, উড়তা পাঞ্জাব, কবীর সিং’য়ের মতো সিনেমায় অভিনয় করে ঝড় তুলে দিয়েছিলেন, বিগত কয়েক বছরে বক্স অফিসে তাঁর মন্দা বাজার।
ফরজি, তেরি বাতো মে উলঝা জিয়া’য় চেষ্টা করেছিলেন বটে, তবে সিনেসমালোচকদের থেকে ভালো নম্বর আদায় ব্যর্থ হয়েছেন। তবে ২০২৬ সালে সম্ভবত,ও রোমিও’র হাত ধরেই কপাল খুলতে চলেছে শাহিদের।মাসখানেক ধরেই শোনা যাচ্ছিল যে আবারও বিশাল ভরদ্বাজের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহিদ কাপুর। সেই জল্পনা সত্যি করেই প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম পোস্টার।যেখানে রক্তাক্ত চেহারায় আলফা মেল লুকে কবীর সিং’য়ের স্মৃতি উসকে দিয়েছেন অভিনেতা। রক্তস্নাত পোশাক। শরীরী ক্যানভাসে ট্যাটুর বহর। চোখেমুখে আগ্রাসী অভিব্যক্তি। সব মিলিয়ে,ও রোমিও’র পয়লা ঝলকেই সাড়া ফেললেন শাহিদ। যা দেখে বিশেষজ্ঞদের মত, অ্যানিম্যাল,ধুরন্ধর-এর মতো এই সিনেমাতেও রক্তগঙ্গা বইবে।
শাহিদ অবশ্য অনেক আগেই কবীর সিং দিয়ে আলফা মেল ট্রেন্ড শুরু করেছিলেন। তেইশ সালে যে পথ অনুসরণ করে পর্দায় রক্তের খেলা দেখান রণবীর কাপুর। অন্যদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত রণবীর সিংয়ের ধুরন্ধর-এও রক্তারক্তি, হাড়হিম অ্যাকশন রয়েছে। বিশাল ভরদ্বাজের হাত ধরে এবার কি সেই ট্রেন্ডেই গা ভাসালেন শাহিদ? জানতে হলে অপেক্ষা করতে হবে ১৩ ফেব্রুয়ারি অবধি।









