
রাষ্ট্রপতি ভবনে শাহরুখ খানের ছবির গান গেয়ে ভাইরাল হয়েছেন ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা। প্রথম ভারত সফরে এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো।
সেই উপলক্ষে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রাবো সুবিয়ান্তোর পাশাপাশি ভারত এবং ইন্দোনেশিয়া সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে একদিকে যখন খাওয়াদাওয়া চলছে, অন্যদিকে তখন ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের কণ্ঠে উঠে এসেছে শাহরুখ খানের ছবির গান।রাষ্ট্রপতি ভবনের অন্দরমহলে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওয় দেখা গিয়েছে, ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা হাতে মাইক নিয়ে শাহরুখ খানের ছবির একটি গান গাইছেন।
১৯৯৮ সালে ছবিনির্মাতা কর্ণ জোহরের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় কুছ কুছ হোতা হ্যায়। এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় রানি মুখোপাধ্যায় এবং কাজলকে। সেই ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা।
