দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী শাকিব

0
166

বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের মামলা। এই অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের মুখে দাঁড়িয়ে দেশবাসীর জন্য খোলা চিঠি লিখেছেন শাকিব আল হাসান। প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডারের আর্জি, অবসর নেওয়ার সময়ে বাংলাদেশবাসী যেন তাঁর পাশে থাকেন।

 

ছাত্র আন্দোলনের সময়ে তাঁর নীরবতা নিয়েও অনেক প্রশ্ন থাকায় অবসর নেওয়ার আগে মুখ খুলেছেন টাইগার ব্রিগেডের প্রাক্তন অধিনায়ক। দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। ফেসবুকে আবেগঘন পোস্টের শুরুতেই তিনি শ্রদ্ধা জানিয়েছেন ছাত্র আন্দোলনের শহিদদের। জানিয়েছেন সেই সংকটকালীন সময়টাতে তাঁর সরব উপস্থিতি না থাকায় যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি তাঁর শ্রদ্ধা এবং এজন্য আন্তরিকভাবে দুঃখিত।সঙ্গে আরও জানিয়েছেন, জন্মস্থান মাগুরার উন্নয়নের জন্যই সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তবে দিনশেষে তাঁর পরিচয় একজন বাংলাদেশের ক্রিকেটার।নিজের ক্রিকেট কেরিয়ারের গোটা সময়ে পাশে থাকার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। ফেসবুক পোস্টে তিনি বলেছেন,বাংলাদেশের সবার ভালোবাসা এবং সমর্থন তাঁকে আজকের শাকিব আল হাসান বানিয়েছে। তিনি যখন দেশের জন্য ক্রিকেটের মাঠে ব্যাট ধরেছেন তখন তাঁর সাথে ব্যাট ধরেছেন বাংলাদেশের সবাই। গ্যালারি থেকে চিৎকার, সমর্থন তাঁকে ভালো খেলার অনুপ্রেরণা জুগিয়েছে। ক্রিকেট ম্যাচের দিন চায়ের দোকানে টেলিভিশনের সামনে উপচে পড়া ভিড় তাঁকে শক্তি জুগিয়েছে। ক্রিকেটের এই গোটা গল্পটা বাংলাদেশের মানুষের হাতেই লেখা।