
দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্ত। এই নিয়ে চতুর্থবার মহিলা মুখ্যমন্ত্রী পেতে চলেছে রাজধানী দিল্লি। বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শিলা দীক্ষিত, আপ-র আতিশি মারলেনার পর ফের দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসছেন বিজেপির মহিলা মুখ রেখা গুপ্ত।
পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন দিল্লির প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার পুত্র নয়াদিল্লি-র আসনের বিধায়ক প্রবেশ সিং বর্মা। বুধবার বিজেপির দীর্ঘ মিটিংয়ের পরে অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্ত-র নাম বেছে নিয়েছে বিজেপি। নয়াদিল্লি আসনে আপ-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেছিলেন। বণিক সমাজের প্রতিনিধি রেখা একদা সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। ৯ বছর বয়স থেকে সক্রিয়ভাবে আরএসএস -র সঙ্গে যুক্ত ছিলেন রেখা গুপ্ত। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা-সহ নতুন মন্ত্রিসভার সদস্যেরা শপথ নেবেন। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতৃত্ব।
