
অভিনেত্রী শমিতা শেঠি, বয়স ও অবিবাহিত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটূক্তির শিকার হয়েছেন। তবে এসব মন্তব্যে চুপ না থেকে সরাসরি জবাব দিয়েছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে এক ট্রলের মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ৪৭ বছর বয়সী অভিনেত্রী। সেখানে তাকে উদ্দেশ করে করা কয়েকটি মন্তব্যের জবাব দিয়েছেন তিনি।একটি মন্তব্যে লেখা হয়েছিল,আপনার বয়স হয়ে গেছে, আগের মতো আর নেই। এর জবাবে শমিতা লিখেছেন, হ্যাঁ, আমি বদলাব।সময়ের সঙ্গে সবকিছু বদলায়, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। শারীরিক সৌন্দর্যও চিরস্থায়ী নয়।নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন তিনি। শমিতা লিখেছেন, আমার বয়স অনুযায়ী আমি সুস্থ, ফিট এবং সুখী।সৃষ্টিকর্তা যা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।আরেকটি মন্তব্যে একজন লিখেছেন, সময়মতো বিয়ে করলে এখন আপনার সন্তান বড় হয়ে যেত। এবার আরো কড়া ভাষায় জবাব দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, তাতে কী? বিয়ে করে কী এমন অর্জন করেছেন ভাই?এ সময় অবিবাহিত মহিলাদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করেছেন শমিতা।তার কথায়, আপনারা কেন আমাদের মতো অবিবাহিত মহিলাদের অনুসরণ করেন শুধু বয়স নিয়ে কটাক্ষ করতে? কেন এই পুরুষতান্ত্রিক, গুহামানবসুলভ চিন্তাভাবনা আমাদের ওপর চাপিয়ে দিতে চান? শেষে ওই ট্রলকারীকে আনফলো করার পরামর্শও দিয়েছেন তিনি।উল্লেখ্য,২০০০ সালে আদিত্য চোপড়ার মহব্বতে সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় শমিতা শেঠির। এরপর জহর, ফরেব এবং ক্যাশ-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি। একসময় অভিনয় থেকে বিরতি নিয়ে ইন্টেরিয়র ডিজাইন নিয়েও কাজ করেছেন।
পরে, ঝলক দিখলা জা, খতরোঁ কে খিলাড়ি, বিগ বস ওটিটি এবং বিগ বস ১৫-এর মতো রিয়েলিটি শোতে অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন অভিনেত্রী শমিতা শেঠি।কয়েক বছর আগে অভিনেতা রাকেশ বাপাটের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও ২০২২ সালে শমিতা জানান, তারা আর একসঙ্গে নেই।
