
তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুরসভার ১৩৪ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল-কে। আট ঘণ্টার মধ্যে ১ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন তিনি।
সোমবার সকাল ৮ টায় গ্রেফতার করা হয় শামস ইকবাল-কে, এরপর বিকেল ৪ টের সময় জামিন দেওয়া হয়েছে তাকে। যিনি অভিযোগকারী ছিলেন তিনি আদালতে অভিযোগ তুলে নিয়েছেন। আদালতে নিয়ে আসার আগেই অভিযোগ তুলে নেওয়ার আবেদন জমা দেন অভিযোগকারী। ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শামস ইকবাল। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ এই শামস ফিরহাদকে ডাকতেন ববি আঙ্কেল বলে। সোশ্যাল মিডিয়ায় ববি এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও তাঁর একাধিক ছবি রয়েছে। এক বার তিনি কোটি টাকার বিলাসবহুল গাড়ি নিয়ে পুরসভায় গিয়ে সকলের নজর কেড়েছিলেন। ২০২৪ সালে গার্ডেনরিচে একটি বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যু হয়েছিল। বেআইনি ভাবে বহুতল তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই বহুতল ছিল শামসের ১৩৪ নম্বর ওয়ার্ডেই। বেআইনি নির্মাণে তাঁরও নাম জড়িয়েছিল।
সম্প্রতি, তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনাতেও শামস-র নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ করেছেন ভারতীয় জনতা মজদুর দলের জনৈক নেতা।
