
খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জন্ম ও মৃত্যু শংসাপত্র জালিয়াতিকাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলেছেন শিলিগুড়ির বিজেপি সাংসদ শঙ্কর ঘোষ। তিনি বলেছেন ইতিমধ্যেই বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়েছেন।
তার দাবি স্বাস্থ্য দফতর মূল অভিযুক্তকে আড়াল করছে। মূল অভিযুক্ত তৃণমূল নেত্রীর ছেলেকে এখনও পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জন্ম-মৃত্যু শংসাপত্র জালিয়াতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত পার্থ সাহার এজেন্টে নবজিৎ গুহ নিয়োগীকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ অগাস্ট জালিয়াতিকাণ্ডে অভিযুক্ত পার্থ সাহার কুকীর্তি সামনে আসার পর খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে মুচলেকা দেন পার্থ সাহা। তাতে তিনি দাবি করেছেন শংসাপত্র পিছু ১০ হাজার টাকা নিয়েছেন বিডিও অফিসের বিএসকে কর্মী নবজিৎ গুহ নিয়োগী।
টাকার লোভ দেখিয়ে ৪৫০ টি জাল শংসাপত্র জন্ম-মৃত্যু তথ্য পোর্টাল থেকে তৈরি করেছিলেন বলে অভিযোগ। জাল শংসাপত্র তৈরি করে ৪৫ লাখ টাকা উপার্জন করেছেন।








