
পদত্যাগ করা উচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। মহাকুম্ভে পদপিষ্টে ঘটনায় সরব হয়েছেন শঙ্করাচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী।
বুধবারই মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। মৌনী অমাবস্যা উপলক্ষে কুম্ভমেলায় শাহি স্নান-এর জন্য মঙ্গলবার রাত থেকেই ভিড় বৃদ্ধি পেতে শুরু করে। রাত ২টো নাগাদ ব্যারিকেড ভেঙে যায় ভিড়ের চাপে। ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যান। এই ঘটনার পর শাহি স্নান দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়েছিল।এই প্রসঙ্গে শঙ্করাচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেছেন, মহাকুম্ভের আগে উত্তরপ্রদেশ সরকার বলেছিল যে আনুমানিক ৪২ কোটি মানুষ মহাকুম্ভে আসতে চলেছে এবং সরকার ১০০ কোটি মানুষের ব্যবস্থা করেছে। মৌনী অমাবস্যায় সেই আয়োজন প্রকাশ্যে এসেছে। তাঁর কথায়, যোগী আদিত্যনাথ প্রকৃত সন্ন্যাসী নন। তিনি যদি সাধক হতেন তবে মানুষের মৃত্যুর মতো বেদনাদায়ক দুর্ঘটনা লুকিয়ে রাখতেন না।
সাধুরা কিছু গোপন করেন না, তারা এগিয়ে আসেন এবং স্বীকার করেন। এত বড় ঘটনার পরে যোগী আদিত্যনাথের পদত্যাগ করা উচিত এবং তার জায়গায় একজন যোগ্য ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করা উচিত।
