
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে চিঠি দিয়ে দলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছেন চিকিৎসক নেতা শান্তনু সেন।
জানালেন, মানুষের রায় মেনে নিয়েই এই পদ ছাড়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এদিকে, এ বার তৃণমূলের মুখপাত্রের পদ থেকেও ইস্তফা দিয়েছেন অরূপ চক্রবর্তী। ইমেলে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই ইস্তফা দিচ্ছেন তিনি। তবে দল তাঁর উপরে যে ভরসা রেখেছিল, দায়িত্ব দিয়েছিল, তার জন্য তিনি কৃতজ্ঞ। আর জি করে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর হাসপাতালের দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন এই শান্তনু সেন। সেই সময় তাঁকে দলবিরোধী মন্তব্যের জন্য সাসপেন্ড করা হয়েছিল। মুখপাত্রের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল। পরে পদ আবার তিনি ফিরে পেয়েছিলেন। তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সেই পদ আবার ছাড়লেন শান্তনু সেন।
ইস্তফা দিতে চেয়ে দলনেত্রীকে তিনি চিঠি পাঠিয়েছেন। তবে তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে কি না, এখনও স্পষ্ট নয়।






