
নির্দিষ্ট একজন নেতা মহারাষ্ট্রের বিরোধী জোট মহাবিকাশ অঘাড়ির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন না।এমনটাই জানিয়ে দিয়েছেন এনসিপি নেতা শরদ পওয়ার।
অর্থাৎ নির্দিষ্ট কাউকে মুখ্যমন্ত্রী মুখ করে যে মহারাষ্ট্রে বিরোধী জোট লড়বে না, তারই ইঙ্গিত দিয়ে রাখলেন শরদ পওয়ার। কিছুদিন আগেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত উদ্ধব ঠাকরেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার দাবি তুলেছিলেন।এবার কার্যত সেই দাবি খারিজ করে দিয়েছেন শরদ পওয়ার।শরদ পওয়ার বিরোধী জোটের সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সম্পর্কে বলেছেন, তাদের জোট সম্মিলিতভাবে লড়াই করবে। যৌথ নেতৃত্বই তাদের সাফল্যের চাবিকাঠি। বিরোধী জোটের তিন শরিক দল কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা-র নেতারা মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন শরদ পওয়ার।তিনি আরও বলেছেন, তাঁর আশা অরবিন্দ কেজরিওয়ালের আপ মহারাষ্ট্রের বিরোধী জোট মহাবিকাশ অঘাড়িতে যোগ দেবে।
