
সপ্তাহের প্রথম দিন বাজার খুলতে না খুলতেই ৭৫৬ সূচক খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটি ২২২ সূচক কমেছে। সকালেই কয়েক লক্ষ কোটি টাকা গায়েব হয়েছে লগ্নিকারীদের। মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে আসীন হওয়ার পরেই কর হুমকি দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওই কর হুমকির জেরে গত কয়েকদিন ধরেই শেয়ারবাজারে শুরু হয়েছে রক্তক্ষরণ।
গত শুক্রবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৭৫ হাজার ৩১১ দশমিক ০৬ সূচক। এদিন ৪১৮ সূচক কম নিয়ে ৭৪ হাজার ৮৯৩ দশমিক ৪৫ পয়েন্ট নিয়ে বাজার শুরু হয়। অর্থাৎ রেড জোনে থেকেই শুরু হয় লেনদেন। বাজার খুলতে না খুলতেই গোঁত্তা খেয়ে হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স ও নিফটি। এক সময়ে ৮৯০ সূচক খুঁইয়ে ৭৪ হাজার ৫৪১ দশমিক ৩৩ পয়েন্টে নেমে যায় সেনসেক্স।
আর নিফটি নেমে যায় ২২ হাজার ৬০০ সূচকের নিচে। সবচেয়ে শোচনীয় দশা তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের। ইতিমধ্যেই ২ শতাংশের বেশি কমেছে তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারদর। এইচসিএলের শেয়ার মূল্য তিন শতাংশের বেশি হ্রাস পেয়েছে।




