
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার মিশরের শর্ম-আল-শেখ শহরে গাজা শান্তি সম্মেলন থেকে সেই বার্তাই দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
ভারত-পাকিস্তান সংঘর্ষ থামানো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি শুরু থেকেই মেনে নিয়েছে ইসলামাবাদ। ওই সংঘর্ষবিরতিতে মার্কিন মধ্যস্থতার দাবি স্বীকার করে নিয়েছে তারা। তার জন্য অতীতেও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল ইসলামাবাদ। শুধু পাকিস্তান নয়, ইজরায়েলও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল।
ট্রাম্প নিজে এবং তাঁর সরকারের প্রতিনিধিরাও বার বার দাবি করেছেন, বিশ্বব্যাপী যুদ্ধ থামানোর তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত। যদিও তিন বছরেরও বেশি সময় ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধ এখনও থামাতে পারেননি তিনি। এ বছর ট্রাম্প নোবেল পান কি না, তা নিয়ে কৌতূহলও ছিল। তবে শেষ পর্যন্ত এ বছর শান্তিতে নোবেল তাঁর জোটেনি।
